
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় খুলনা জেলা পরিষদ থেকে বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন মসজিদ, মন্দির ও কমিউনিটি পার্টিসিপেশন প্রজেক্ট কমিটি (সিপিপিসি)-এর প্রতিনিধিদের মধ্যে উন্নয়ন বরাদ্দ-সংক্রান্ত চিঠি বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল ও ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উৎপল কুমার বাইন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এডিপির আওতায় বরাদ্দ পাওয়া অর্থ নির্ধারিত উন্নয়নমূলক কাজে যথাযথভাবে ব্যয় করতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।
সভা শেষে খুলনা জেলা পরিষদের এডিপির আওতায় বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন মসজিদ, মন্দির ও কমিউনিটি সেন্টারের প্রতিনিধিদের হাতে উন্নয়ন বরাদ্দ-সংক্রান্ত চিঠি তুলে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ প্রেসক্লাব পাইকগাছার সেক্রেটারি এম জালাল উদ্দিনের হাতেও বরাদ্দ-সংক্রান্ত চিঠি তুলে দেন।
এডিপির এ বরাদ্দের মাধ্যমে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।