
মোঃ শাহাদৎ হোসেন
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে এক বিশেষ প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলোকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ অক্টোবর কুষ্টিয়া জেলা পর্যায়ে এবং ২৮ অক্টোবর কুমারখালী উপজেলা পর্যায়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি পালিত হবে।
উক্ত প্রস্তুতি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক, কুষ্টিয়া জেলা যুবদলের সহ-সভাপতি এবং আসন্ন কুমারখালী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি দিন উদযাপনের আনুষ্ঠানিকতা নয়; বরং এটি দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারকে নতুন করে ধারণ করার এক তাৎপর্যপূর্ণ উপলক্ষ।
তিনি তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীর ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমেই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি সফল ও সার্থক হয়ে উঠবে। পরিশেষে তিনি দলের মধ্যকার পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার আহ্বান জানান এবং দেশ ও সাধারণ মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা দেন।