
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু সাঈদ শেখ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সার্বিক নেতৃত্বে শনিবার দিবাগত রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই আল আমিন মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকায় অভিযান চালান।
অভিযানকালে বরাতিয়া এলাকার মেসার্স নূরজাহান ব্রিকসের সামনে থেকে আবু সাঈদ শেখকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আবু সাঈদ শেখ খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের সৈয়দখালী গ্রামের কপিল উদ্দিন শেখের ছেলে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ডুমুরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।