
মোঃ শাহাদৎ হোসেন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত আল হেরা হাফিজিয়া মাদরাসায় ৯ জন শিক্ষার্থীর পবিত্র আল কোরআনের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে মাদরাসার নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, মেয়র পদপ্রার্থী ও কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী পৌর কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন ও স্থানীয় মসজিদের খতিব মাহমুদ শরীফ।
মাদরাসার মুহতামিম হাফেজ শরীফ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাজী আলতাফ হোসেন, মোতালেব বিশ্বাস ও খলিলুর রহমান। সবক অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ আবু বকর সিদ্দিক।
বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা একজন শিশুকে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে তোলে। তাই দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে খান আতিকুর রহমান সবুজ বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, “কুমারখালী পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা প্রয়োজন।” তিনি ভবিষ্যতেও মাদরাসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।