
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উন্নয়ন ও সংস্কারকাজে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খুলনা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব তহবিলের আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্পের সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার খাত থেকে এ অর্থ বরাদ্দ করা হয়।
এ বরাদ্দের খবর ছড়িয়ে পড়ার পর সেবাশ্রমের সংশ্লিষ্ট ব্যক্তি ও ভক্তদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। উন্নয়ন প্রকল্পের আওতায় অর্থ বরাদ্দ দেওয়ায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীকে সেবাশ্রমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সেবাশ্রম সংশ্লিষ্টরা জানান, মটবাটি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম দীর্ঘদিন ধরে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় মানুষের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সেবাশ্রমটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বরাদ্দকৃত ২ লাখ টাকা সেবাশ্রমের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সংস্কারকাজে ব্যয় করা হবে। এর ফলে সেবাশ্রমের পরিবেশ আরও সুন্দর ও ব্যবহার উপযোগী হবে এবং ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনায় সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ সময় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অসীম রায় চৌধুরী, সম্পাদক প্রশান্ত সরকার, সহসভাপতি প্রশান্ত রায় ও শিব শংকর রায়, কোষাধ্যক্ষ বিকানন্দ রায়, পরিষদের উপদেষ্টা প্রজিৎ কুমার রায় ও দিনেশ চন্দ্র রায়সহ সেবাশ্রমের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সেবাশ্রমের নেতৃবৃন্দ বলেন, উন্নয়ন প্রকল্পের আওতায় সেবাশ্রমের জন্য অর্থ বরাদ্দ পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এ বরাদ্দ সেবাশ্রমের উন্নয়ন ও সংস্কারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তারা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা আরও জানান, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কারকাজ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে সেবাশ্রমের ধর্মীয়, সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।