
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি।
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হয়েছে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান-২০২৬। এর অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলাতেও শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় পর্যায়ের কর্মসূচি শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ওসি (অপারেশন) মোঃ জুলফিকার আলী, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং পৌরসভার প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ গুরুত্ব
ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে।
তিন মাস চলবে অভিযান
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী এ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পাইকগাছাতেও উপজেলা প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কার্যক্রম অব্যাহত থাকবে।
জনসাধারণের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ এবং পাইকগাছাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।