
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান আলীম পরীক্ষা-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালীন সময়েও পরিবর্তিত সময়সূচির মাধ্যমে শ্রেণি কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৯ জুলাই ২০২৬ (রবিবার) থেকে আলীম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল শ্রেণির পাঠদান কার্যক্রম যথারীতি পরিচালিত হবে। নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত থেকে সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব এক বিজ্ঞপ্তিতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের এ বিষয়ে অবহিত করে জানান, আলীম পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটানোর লক্ষ্যেই এ বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে উপস্থিত থাকার আহ্বান জানান।
বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা, শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখার একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিভাবক ও সচেতন মহল ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন।