
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাট এলাকায় পা ধোয়ার সময় নদীতে পড়ে গিয়ে দিপংকর মন্ডল (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ দিপংকর মন্ডল উপজেলার রাড়ুলী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা প্রায় ৭টার দিকে কাজ শেষে তিনি কপোতাক্ষ নদের স্টিমার ঘাট এলাকায় যান। সেখানে নদীর ঘাটে পা ধোয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি নদীর স্রোতে তলিয়ে গেলে উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ এবং স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সকাল ১১টা পর্যন্ত উদ্ধারকারী দল নদীর বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালালেও নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ আতিকুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা নদীর বিভিন্ন এলাকায় অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এদিকে দিপংকর মন্ডলের পরিবারের সদস্যরা প্রিয়জনের সন্ধানের আশায় নদীর তীরে অবস্থান করছেন। দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রাও। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।