
মোঃ শাহাদাৎ হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নববধূসহ ১৪ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ এমপি। নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জানা যায়,বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর একটি বাসের ধাক্কায় কনেসহ বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই নববধূসহ মোট ১৪ জন নিহত হন।
এই দুর্ঘটনায় একই পরিবারের নববধূসহ কয়রা উপজেলার নাকসা গ্রামের চারজন এবং বাগেরহাট থেকে আগত বরযাত্রী দলের আরও ১০ জন প্রাণ হারান। যে দিনটি একটি পরিবারের জন্য আনন্দ,উৎসব ও নতুন জীবনের সূচনার দিন হওয়ার কথা ছিল,সেই দিনই এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে,বুধবার বাগেরহাটের মোংলা পৌরসভার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমান সাব্বিরের সঙ্গে খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তার (মিতু)-এর বিয়ে সম্পন্ন হয়।বিয়ের পরদিন বৃহস্পতিবার নববধূকে নিয়ে বরযাত্রী নিজ বাড়ি ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে শ্বশুর আব্দুর রাজ্জাক,তার স্ত্রী,ছেলে-মেয়ে,নাতি-নাতনি,নববধূ,তার স্বজন এবং মাইক্রোবাসের চালকসহ মোট ১৪ জন নিহত হন।
এ ঘটনায় মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন,এই মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক।ঘটনার সম্পূর্ণ,স্বচ্ছ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন।একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন,দুর্ঘটনার জন্য দায়ীদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি নিহত সকলের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন,যেন তিনি তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন,যেন তিনি তাদের এই কঠিন শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।