
কৌশিক রায়, নিজস্ব প্রতিনিধি :
কয়রা–পাইকগাছা আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হাসান বাপ্পি বলেছেন,তাঁর নির্বাচনী এলাকায় কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অন্যায়, অবিচার বা নির্যাতন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার(৫আগস্ট)বিকেল ৫টায় পাইকগাছা উপজেলার কপিলমুনি ধান্য চত্বরে হরিঢালী-কপিলমুনি বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হাসান বাপ্পি বলেন,“আমার দলের কোনো নেতাকর্মীর দ্বারা যদি কেউ নির্যাতনের শিকার হয়ে থাকেন,তবে আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।আমি নির্বাচিত হই বা না হই—যে-ই অন্যায় করুক,তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন,সাধারণ মানুষের প্রতি অন্যায় আচরণ করলে কোনোভাবেই তা সহ্য করা হবে না।সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহনশীল রাজনীতির চর্চা করার আহ্বান জানান তিনি।
জনসভায় তিনি আরও বলেন,“আপনারা আমাকে নির্বাচিত করলে পাইকগাছা উপজেলার সব অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।”
অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.আব্দুল মজিদ। কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম,শেখ সামসুল আলম পিন্টু,হরিঢালী বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম,যুবদল নেতা তৌহিদুজ্জামান মুকুলসহ আরও অনেকে।
কপিলমুনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় ছাত্রদলের সদস্য সচিব মো.সাদ্দাম গাজীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা অংশ নেন।