
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশন–২০২৬ পরিচালনা করা হয়েছে। উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টা থেকে পাইকগাছা উপজেলার পৌরসভা, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়ন দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় বোয়ালিয়া এলাকা থেকে ২টি অবৈধ নেট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বাংলাদেশ নৌ পুলিশ, পাইকগাছার সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নৌ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল—যেমন বেহুন্দি জাল, কারেন্ট জাল, মশারি জাল, চটজাল, পাই জাল ও টং জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন–২০২৬ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি সকলকে সচেতন হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।