
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি।
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সিরাতুল হুদা ট্রাস্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মরহুম মাওলানা শামসুর রহমান সাহেবের প্রতিষ্ঠিত এই ট্রাস্টের উদ্যোগে শুক্রবার সকালে ট্রাস্টের নিজস্ব মাঠে শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান ও মরহুম শামসুর রহমান সাহেবের সন্তান মেজর (অব.) মেসবাহুল ইসলামের সৌজন্যে। সিরাতুল হুদা ট্রাস্টের সেক্রেটারি ও পৌর আমীর ডাঃ আসাদুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাঃ মুজাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাতুল হুদা ট্রাস্টের ট্রেজারার এস.এম. হাসানুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য কাজী তামজিদ আলম, প্রভাষক আব্দুল মোমিন সানা, ফিরোজ আহমেদ, সোহেল আহমেদ, শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান ও সেক্রেটারি আল মামুনসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম মাওলানা শামসুর রহমান সাহেব সারাজীবন মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত সিরাতুল হুদা ট্রাস্ট আজও সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তীব্র শীতের কষ্ট লাঘবে মেজর (অব.) মেসবাহুল ইসলামের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন বক্তারা।
বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহানুভূতি ও সহযোগিতা একটি পরিবারের শীতের কষ্ট অনেকটাই লাঘব করতে পারে।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এলাকার কয়েক শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।