
মোঃ আহসান হাবীব, নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত প্রবাস জীবন শেষে অবশেষে মাতৃভূমিতে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান, গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক ও দলের অবিসংবাদিত নেতা তারেক রহমান। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত।
তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে প্রিয় নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ—প্রকাশ পায় দীর্ঘদিনের দুঃখ, বঞ্চনা ও সংগ্রামের আবেগ।
নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায়ের সূচনা। তারা বিশ্বাস করেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান দীর্ঘ সময় ধরে প্রবাসে থেকেও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন ভূমিকা রেখেছেন। তার সুদৃঢ় নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা ও ত্যাগী মানসিকতা বিএনপিকে নতুন করে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তিনি আবারও জাতির নেতৃত্বে সামনে আসবেন—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এ সময় বিএনপি নেতাকর্মীদের কণ্ঠে একযোগে উচ্চারিত হয় প্রতিবাদী ও প্রত্যয়ী স্লোগান—
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিন্দাবাদ”
“লাখো কোটি মানুষের দল জিন্দাবাদ”
নেতাকর্মীদের মতে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে এবং স্বৈরশাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে গণআন্দোলন আরও বেগবান হবে।