
ডাঃ মোঃ নাজমুল আহসান, নিজস্ব প্রতিবেদক।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বর্তমান খুলনা মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান।
মোহাম্মদ জাহিদুল হাসান দীর্ঘদিন ধরে পুলিশ বিভাগে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কেএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে খুলনা মহানগরের আইনশৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
অন্যদিকে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি হওয়া মো. জুলফিকার আলী হায়দারও দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছিলেন বলে উল্লেখ করেছে প্রশাসনের অভ্যন্তরীণ সূত্র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আদেশের মাধ্যমে খুলনা মহানগর পুলিশের নেতৃত্বে পরিবর্তন আসায় নগরবাসীর মধ্যে নতুন প্রত্যাশা ও আলোচনা শুরু হয়েছে।