
গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিনিধি :
পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে হরিঢালী ইউনিয়নের বিশিষ্ট সনাতন নেতা দেবু ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। সভা সঞ্চালনা করেন অ্যাডভোকেট দীপঙ্কর সাহা।
সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি দীপঙ্কর নন্দী,সাধারণ সম্পাদক দেবপ্রসাদ বারুই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.আব্দুল মজিদ,উপজেলা বিএনপির সদস্য সচিব ইমদাদুল হক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও খুলনা জেলা পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক সরজিৎ ঘোষ দেবেন।
এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বজিৎ সাধু,প্রত্যাশা সমবায় সমিতির নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ বিশ্বাস,সঞ্জয় দে, সুনীল,তপন কর,সদয়,সুব্রত নন্দী,রঞ্জিত দে,অলক শীল,তিলক হরি,নারান হরি,হরিদাস,স্যামুয়েল, আহলাদ,দেবদাস দত্ত,সুনীল দত্ত,তুষার ঘোষ, কালিদাস,গৌর বিশ্বাস,সন্দীপ,বিশ্বসহ বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন,তিনি ছিলেন এদেশের গণতন্ত্রের প্রতীক।ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবসময় মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন।”
তিনি আরও বলেন,
“আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করবেন এবং তাঁর আদর্শকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন,
“আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আপনাদের বিপদ-আপদে ছায়া হয়ে পাশে থাকবো।আপনারা ভয় পাবেন না।আপনারা যেমন এ দেশের নাগরিক,আমিও তেমনি।কেউ যদি চাঁদাবাজি বা হুমকি দেয়,সরাসরি আমাকে জানাবেন—আমি কঠোর ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন,
“আপনারা আমাকে সন্তান মনে করে ভোট দেবেন, আমিও আপনাদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করবো।”
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ,শান্তি-সম্প্রীতি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।