
মোঃ শাহাদাৎ হোসেন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাশলিয়া জামে মসজিদে পবিত্র জুমার খুতবা প্রদান করেছেন ৭৮ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. আফজাল হোসেন। শুক্রবার জুমার নামাজের পূর্বে সমসাময়িক ও ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ এই খুতবা পেশ করা হয়।
খুতবায় একজন প্রকৃত ইমানদার ব্যক্তির গুণাবলি এবং নৈতিক চরিত্র গঠনের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের সুমহান আদর্শ ও শিক্ষার বিকল্প নেই মর্মে অভিমত প্রকাশ করা হয়। বর্তমান সমাজের নানাবিধ অবক্ষয়ের কথা তুলে ধরে ইসলামের সঠিক জ্ঞান ও মূল্যবোধকে ধারণ করে জীবন পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
ধর্মীয় আলোচনার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলের বিষয়েও কঠোর বার্তা দেওয়া হয়। মাদক কীভাবে একটি সমাজ ও পরিবারকে নীরবে ধ্বংস করে দেয়, সে বিষয়টি খুতবায় বিশেষভাবে উঠে আসে। যুবসমাজকে এই মরণনেশার হাত থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
পরিশেষে, ইসলামের শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বুকে ধারণ করে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়। এ সময় মসজিদে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।