খোকসা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতাঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহতরা হলেন দেবীনগর গ্রামের ফারুক হোসেন (৪০) ও খানপুর গ্রামের আব্দুল শেখ (২৫)। আহত মুল্লুক মণ্ডলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম নিরলসভাবে কাজ করছে। তিনি জনগণকে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।