
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইল জেলায় ২০২৫-২৬ অর্থবছরের সরকারি সাংস্কৃতিক অনুদান বিতরণকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে জেলার ২৭টি সাংস্কৃতিক সংগঠনকে অনুদান প্রদান করা হলেও অভিযোগ উঠেছে, তালিকায় থাকা কয়েকটি সংগঠনের কার্যক্রম সম্পর্কে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই অবগত নন।
সাংস্কৃতিক কর্মীদের ভাষ্য, জেলার বহু প্রতিষ্ঠিত ও নিয়মিত সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু অনুদানপ্রাপ্ত তালিকায় এমন কিছু সংগঠনের নাম রয়েছে, যাদের দৃশ্যমান কর্মকাণ্ড বা জনসম্পৃক্ততার তথ্য খুঁজে পাওয়া কঠিন।
এ নিয়ে সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অনুদান নির্বাচনের পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, আবেদনকারী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম, নিবন্ধন, নিয়মিত অনুষ্ঠান আয়োজন এবং জনসম্পৃক্ততা যাচাই করেই অনুদান প্রদান করা উচিত ছিল।
তাদের মতে, সরকারি অর্থ জনগণের সম্পদ। তাই এ অর্থ বণ্টনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় প্রকৃত সাংস্কৃতিক সংগঠনগুলো নিরুৎসাহিত হবে এবং সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নের পরিবর্তে বিতর্কের সৃষ্টি হবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুদানপ্রাপ্ত প্রতিটি সংগঠনের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে অনুদান প্রদানের ক্ষেত্রে উন্মুক্ত, স্বচ্ছ ও মানসম্মত যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন তারা।