খোকসা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতাঃ
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে জরুরি প্রতিরক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন জিও ব্যাগ নিক্ষেপের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সাম্প্রতিক সময়ে নদীর প্রবল স্রোতে শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় খোকসা শহর, কৃষিজমি ও বহু বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রতিরক্ষা ব্লক নির্মাণ ও বাঁধ সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এমপি আফজাল হোসাইন বলেন, মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খোকসা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আজাদ আহমেদ, খোকসা পৌর মেয়র পদপ্রার্থী মো. রিপন হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে দ্রুত কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ হলে খোকসা শহর ও আশপাশের এলাকা নদীভাঙনের দীর্ঘদিনের ঝুঁকি থেকে অনেকটাই মুক্তি পাবে।