
মোঃ মনিরুজ্জামান ফকির, নিজস্ব প্রতিবেদক।
মহান বিজয় দিবস উপলক্ষে লতিফ মাস্টার ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান বেসরগাতী রকেট স্পোর্টিং ক্লাবের আয়োজনে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে ১৬ দলীয় আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন প্রতিযোগিতা। দিনব্যাপী এ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও জেলা পরিষদ বাগেরহাটের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ভাস্কর দেবনাথ, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব জনাব মিফতা উদ্দিন এবং সাবেক সংসদ সদস্য আমিনুর রহমান। এছাড়াও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও দিকনির্দেশনায় ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব সি.পি.এ মোঃ রফিকুল ইসলাম। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ক্রীড়া যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বেসরগাতী রকেট স্পোর্টিং ক্লাব। রানার্সআপসহ সকল অংশগ্রহণকারী দলকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি একটি সুন্দর, সুশৃঙ্খল ও সফল টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য আয়োজক কমিটি ও সকল স্বেচ্ছাসেবকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।