মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি ॥
খুলনার পাইকগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক, সাংবাদিক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অতিরিক্ত উপ-পরিচালক, খামারবাড়ী খুলনার তোহিদ উদ্দিন ভূঁইয়া কৃষির সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করেন। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষির উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কৃষকদের পাশে থেকে সরকারি সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ ও উদ্বুদ্ধমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।