পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি।
খুলনা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব তহবিলের আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়ন ও সংস্কারের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা পরিষদের দ্বিতীয় ধাপের ৫৫টি উন্নয়ন প্রকল্পের তালিকায় সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার খাতের আওতায় পাইকগাছা প্রেসক্লাবের জন্য এ বরাদ্দ রাখা হয়। দীর্ঘদিন ধরে পাইকগাছা উপজেলার স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, সংরক্ষণ এবং পেশাগত কর্মকাণ্ড পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রেসক্লাবটি ভূমিকা পালন করে আসছে।
বরাদ্দকৃত অর্থের মাধ্যমে প্রেসক্লাবের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারকাজ বাস্তবায়ন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এতে স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর হবে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে এ বরাদ্দ দেওয়ায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীকে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রেসক্লাবের সদস্যরা বলেন, স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের জন্য একটি সুন্দর, নিরাপদ ও কার্যকর কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পরিষদের এ বরাদ্দ প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তারা জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাইকগাছা প্রেসক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেন, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে প্রেসক্লাবের প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কারকাজ সম্পন্ন করা হবে। একই সঙ্গে ভবিষ্যতেও স্থানীয় সাংবাদিকদের কল্যাণ ও প্রেসক্লাবের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।