মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামে জিয়াউর মজলিস (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত নওয়াব আলী মজলিসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির সামনে একটি শিশু গাছের ডালে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় জিয়াউর মজলিসকে দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে। পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।