
মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিনিধি।।
পাইকগাছার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা–দিঘা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।
২০২৫–২০২৬ অর্থ বছরে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়নে ১ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
বরাদ্দের আওতায় আমুরকাটা বাজার থেকে দিঘা অনুপ মণ্ডলের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কটি মাটি দ্বারা উন্নয়ন ও পাকাকরণ করা হবে। উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ। সোমবার থেকেই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মণ্ডল, ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, ঠাকুর দাশ সরকার, ঠিকাদার ও যুবনেতা ফয়সাল রাশেদ সনি এবং সুশীলনের মাঠপর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম এনামুল হক বলেন,
“সড়কটির উন্নয়নকাজ শেষ হলে আমুরকাটা–দিঘা এলাকার পাশাপাশি সোলাদানার আরও অনেক মানুষের যাতায়াত সহজ হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।”