গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক ও দলছুট নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা ও যোগাযোগ কার্যক্রম বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী পুনরায় সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করার লক্ষ্যে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করেছেন। বিশেষ করে পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডে ছোট ছোট বৈঠক, মতবিনিময় এবং কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
সূত্রগুলো আরও জানায়, নেতাকর্মীদের মনোবল পুনরুদ্ধার এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে খোঁজখবর নেওয়ার পাশাপাশি উঠান বৈঠক ও ক্ষুদ্র পরিসরের সভার মাধ্যমে কর্মীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।
নির্ভরযোগ্য সূত্রের দাবি, কিছু নেতাকর্মীকে বিভিন্ন ধরনের সহযোগিতা ও আইনি সহায়তার আশ্বাস দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আস্থা ও সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।
এছাড়া, স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেও নিজেদের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, অতীতে অনেকটা দুর্বল হয়ে পড়া চাঁদখালী ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি ধীরে ধীরে পুনর্গঠনের লক্ষণ দেখা যাচ্ছে। তবে বিষয়টির সত্যতা ও কার্যক্রমের ব্যাপ্তি সম্পর্কে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চললেও ভবিষ্যতে এর প্রভাব কী হতে পারে, তা সময়ই বলে দেবে।